নিউজটি শেয়ার করুন

‘সংসদ থেকে সংরক্ষিত আসন তুলে দেয়া উচিত’

পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্বের জায়গা। যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তারা আসলে কার প্রতিনিধিত্ব করেন? সংরক্ষিত আসনের কারণে প্রতিনিধিত্বের ধারণাটাই আসলে পাল্টে যাচ্ছে। তাই সংরক্ষিত আসন তুলে দেওয়া উচিত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বক্তৃতা অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও সংরক্ষিত আসন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

অদূর ভবিষ্যতে বাংলাদেশে নারীদের মধ্য থেকে রাষ্ট্রপতি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আনোয়ার হোসেন বলেন, একসময় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজন ছিল। বর্তমানে নারীরা অনেকদূর এগিয়ে গেছে। এমন একটি সময় আসবে, যখন সংরক্ষিত আসনের কোনো প্রয়োজন হবে না। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন নারীদের মধ্য থেকে আমাদের রাষ্ট্রপতি হবেন।

বাংলাদেশে নারীদের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা তার স্বাপ্নিক নীতি এবং বাস্তবধর্মী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের নারীদের একটি নতুন পরিচয় ও শক্তি প্রদান করেছেন। নারী অগ্রযাত্রায় শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।