পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, সকল ধর্মের মানুষকে ভালোবাসাই প্রকৃত ধর্ম। যারা মানুষকে ভালোবাসে তারা মানুষের ক্ষতিসাধণ করতে পারেনা। প্রয়াত সত্যপ্রিয় মহাথের আজীবন মানুষকে এমন শিক্ষাই দিয়েছেন। তাই আমাদের সকলের উচিত তাঁকে অনুসরণ করা। তাঁর কর্ম ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করা।
শনিবার ( ২৯ ফেব্রুয়ারী) বাংলাদেশে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র ৩ দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সবার কথা ও কাজ মানুষ হৃদয়ঙ্গম হয়না। যারা ধর্মের মন্ত্রে মুগ্ধ হয়ে মানুষকে কল্যাণের পথ দেখায় তাদের কথা সহজে মানুষের অন্তরে নিহিত হয়। পন্ডিত সত্যপ্রিয় মহাথের এমনই একজন ধর্মীয় গুরু ছিলেন। তাঁর মতো গুরুর ধর্মীয় শিক্ষা সবাইকে অর্জন করতে হবে। ধর্ম মানুষকে নৈতিক শিক্ষা দেয়, ভালোকে গ্রহণ আর মন্দকে ত্যাগ করার শিক্ষা দেয়। পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রূপ দেয়ার মাধ্যমে মহান এ ধর্মীয় গুরুকে সম্মান দেখাতে হবে।
তিনি পর্যটন নগরী কক্সবাজারকে সম্প্রীতির শহরে রূপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বুদ্ধরক্ষিত মহাস্থবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ন মহাথের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সাংসদ এথিন রাখাইন, মায়ানমারের ধর্মীয় গুরু আছিন আজ্ঞে ধাম্মা থের, অষ্ট্রেলিয়ার ভিক্ষু উইমালানডা থের, আমেরিকার ভিক্ষু সুমানাতিশা থের, জিনানন্দ মহাথের, ভারতের কলকাতার সংঘপ্রধান বিবেকানন্দ মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির, শীলানন্দ মহাথের, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেড়ারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধ সমিতি ঢাকা অঞ্চল সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া, ঢাকা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি প্রমথ বড়ুয়া, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, বান্দরবানের আওয়ামীলীগ নেতা চৌধুরী প্রকাশ রায়, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, দপ্তর সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তছলিম ইকবাল চৌধুরী, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সুবীর চৌধুরী বাদল প্রমূখ।








