রেজাউল করিম সাজ্জাদ, আনোয়ারা: সমুদ্রে ধরা পড়া বিভিন্ন মাছে মেশানো হচ্ছে বিষাক্ত রঙ৷ আর এসব রঙ মেশানো সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাটবাজারে।
বুধবার (৩ মার্চ) দুপুরে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির এবিসি নামের একটি মৎস্য আড়তের সামনে মাছে এসব রঙ মেশানো হচ্ছে।
এসময় সিপ্লাসটিভির ক্যামেরা দেখে মাছে রঙ মেশানো বন্ধ করে দেয়।
দেখা যায়, ড্রামে পানির সাথে রঙ মিশিয়ে তার মধ্যে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ চুবিয়ে নিচ্ছে এছাড়া সাদা পাউডার মেশানো হচ্ছে। মূলত মাছ তাজা ও সুন্দর দেখাতে এসব মেশানো হচ্ছে বলে জানা যায়। রঙ মেশানো এসব মাছের মধ্যে রয়েছে পোপা, লইট্যা ও ছোট চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
এবিষয়ে জানতে চাইলে এবিসি মৎস্য আড়তের মালিক মো. শাহেদ সিপ্লাসকে জানান, বাঁশখালী জেলেরা মাছের জন্য আড়ৎ থেকে শুধু বরফ ক্রয় করে। শুনছি তারা সামুদ্রিক মাছে রঙ মেশাচ্ছে। এগুলো আড়তের সাথে কোনো সম্পর্ক নেই।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক সিপ্লাসকে জানান, হাটবাজারের ক্রেতাদের কাছে মাছ তাজা ও সুন্দর দেখাতে এসব রঙ মিশাই অসাধু ব্যবসায়ীরা। এসব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

