ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে যাত্রীবাহি একটি খেয়া নৌকা ডুবে গেছে।এতে চার যাত্রী নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন।
রোববার (৬ অক্টোবর) রাত আটটার দিকে ওয়াজঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
স্থানীয় সূত্র জানায়, বুড়িগঙ্গা নদীতে রাতে ওয়াজঘাট এলাকা থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা যাচ্ছিল কেরানীগঞ্জের কালিগঞ্জ ঘাটের দিকে। তখন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সুন্দরবন-৯ কোম্পানীর একটি লঞ্চ পিছনের দিকে বেগার দেয়। নৌকাটি যখন নদীর মাঝ বরাবর অবস্থান করছিল তখন তাতে লঞ্চের ধাক্কা লাগে। নৌকাটি ডুবে গেলে আশেপাশে থাকা অন্য নৌকার মাঝিরা এগিয়ে আসেন। তারা ডুবে যাওয়া নৌকার মাঝিসহ তিনজনকে উদ্ধার করেন। অন্য চার যাত্রীর সন্ধান মেলাতে পারেননি তারা। ঘটনার সংবাদ সদরঘাট নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজ শুরু করেছেন। তারা নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সদরঘাট নৌ ফাড়ির ওসি রেজাউল করিম ভুইয়া বলেন, ঘাটে থাকা একটি লঞ্চ স্টার্ট দিলে পেছনে থাকা একটি খেয়া নৌকা ডুবে যায়। নৌকায় মাঝিসহ ৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪ জন নিখোঁজ রয়েছেন।
তাদের উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।








