Site icon CPLUSBD.COM

সন্দ্বীপকে লকডাউন করতে নৌরুটে পুলিশ মোতায়েন

সন্দ্বীপ প্রতিনিধি: চলমান করোনা ভাইরাসের আক্রমণ থেকে দেশের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সন্দ্বীপে আসা অব্যাহত রাখে।

অন্যদিকে যাত্রীদের থেকে কয়েকগুণ ভাড়া বাড়িয়ে প্রকাশ্যে যাত্রী পারাপার করছিল জেলা পরিষদের মালিকানাধীন সীতাকুণ্ডের বাশবাড়িয়া টু কাছিয়াপাড়, ফকিরের হাট টু ঘাটমাঝির হাট ফেরীঘাট ইজারাদার।

অবশেষে ফেরীঘাটে যাত্রীবাহী নৌযান ও মালবাহী বোটে যাত্রী পারাপার বন্ধ করতে ঘাটগুলোতে পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছেন সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলম।

তিনি বলেন, কিছু অসাধু ইজারাদার এবং অসচেতন মানুষ লকডাউন না মেনে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসাযাওয়া করছে। এটি উপজেলার চার লাখ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যাত্রী পারাপার বন্ধ করতে ঘাটগুলোতে পুলিশ মোতায়েন করেছি। এদিকে নৌরুটগুলোতে পুলিশ মোতায়েনের ঘোষণা শুনে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মো. রহিম উল্ল্যাহ জানান, সন্দ্বীপকে পুরোপুরি লকডাউন করতে হলে একমাত্র ও সহজ উপায় হল নৌযানে যাত্রী পারাপার বন্ধ করা। প্রশাসন শেষের দিকে এসে এরকম ব্যবস্থা নেওয়ায় আমরা কিছুটা আশ্বস্ত হচ্ছি। তবে এই পদক্ষেপ আরো আগে নেওয়া উচিত ছিল।