সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মারুফ হোসেন আদনানকে আটক করেছে র্যাব। ১৮ এপ্রিল শনিবার র্যাব-৭ এর একটি টিম তাকে সীতাকুণ্ড বাজার থেকে আটক করেছে।
মারুফের বিরুদ্ধে সন্দ্বীপ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ এনে ২ এপ্রিল সন্দ্বীপ থানায় ছাত্রীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেছিল।
ছাত্রীর পরিবারের অভিযোগ, ভালবাসার সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মারুফ হোসেন আদনান (২৫) ছাত্রীকে স্কুল ভবনের দ্বিতীয় তলায় ম্যানেজিং কমিটির সভাপতির বেডরুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এই ঘটনায় মারুফকে প্রধান আসামি ও একজন সহযোগী সহ দুই জনকে আসামি করে সন্দ্বীপ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
মারুফের পিতা আবদুর রব ছাত্রীটির স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, মারুফ তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ছদ্মবেশে সীতাকুণ্ড বাজারে ফল বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুর ৩টার দিকে সীতাকুণ্ড বাজার থেকে তাকে আটক করা হয়।

