নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে এমপি মিতা: খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে

খেলাধুলা শারীরিক উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখে। ক্রীড়ার উন্নয়ন হলে দেশে অপরাধের মাত্রা অনেকটা কমে আসবে। উন্নত ক্রীড়া একটা উন্নত যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০২০ এর উদ্বোধন পূর্ব্ববর্ত্তী প্রেস কনফারেন্সে কথাগুলো বলেন সন্দ্বীপ আসনের সাংসদ মাহফুজুর রহমান মিতা।

৩১ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা পরিষদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে দ্বীপবন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দ্বীপবন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

সাংসদ মাহফুজুর রহমান মিতা জানান, ১ লা ফেব্রুয়ারী থেকে পৌরসভার কোষ্টগার্ড মাঠে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার চ্যাম্পিয়ন দলকে নগদ দুই লাখ টাকা ও রানার্সআপ দলকে এক লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে। উপজেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে খেলা পরিচালিত হবে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। খেলায় সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে ২৫ টি টিম অংশ নেয়।স্থানীয় ও জাতীয় পর্যায়ের রেফারি খেলার পরিচালনা করবেন।

সন্দ্বীপ থানা পুলিশের ওসি শেখ শরিফুল আলমের নেতৃত্বে পুলিশ টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সৌম্বধি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরিফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।