নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার(১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, পৌরসভা আওয়ামীলীগ ও যুবলীগের পক্ষ থেকে মালা প্রদান করা হয়। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ মাদ্রাসার ছাত্রদের মাঝে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

বিকেলে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমানের উদ্যোগে শিবের হাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।