সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ ডিগ্রী কলেজে তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
চুরির চেষ্টার আগে তারা কলেজের দায়িত্বরত নাইটগার্ডকে মারধর করেছে বলে অভিযোগ তুলেছেন কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখাযায়, কলেজের মূল ভবনের নিচের তলায় উপরে উঠার সিড়ির পাশে অবস্থিত অধ্যক্ষের বসবাসের কক্ষের পশ্চিমপাশের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে চোরেরদল উপরে উঠে।দোতলায় অধ্যক্ষের রুম ও তার পাশাপাশি শিক্ষকদের রুমের দরজার তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে তিনটি আলমিরা ও অধ্যক্ষের কাঠের ড্রয়ার ভাঙ্গে।
তবে চোরেরা কিছু নিয়ে যায়নি বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ সুরাইয়া বেগম।
তিনি বলেন, রাত আনুমানিক চারটায় ডিউটিরত অবস্থায় হাটাহাটি করার সময় নাইটগার্ড সাহাবউদ্দিন (৫৫) কে ৩ জন চোর পিছন থেকে ঝাপটে ধরে কিল-ঘুষি মারে। একপর্যায়ে তাকে কোন গন্ধজাতীয় পদার্থ নাকে ধরে তাকে অজ্ঞান করে। পরে চোরেরা কলাপসিবল গেটের তালা ভেঙ্গে রুমে ঢুকে তিনটি আলমিরা ভেঙ্গে ফেলে। আমাদের ধারণা তারা টাকা বা মূল্যবান জিনিসপত্র চুরি করতে এসেছিল।তবে তারা কিছু নিতে পারেনি।
কলেজে অবস্থান করা অধ্যক্ষের স্বামী মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, রাতে চোরের আঘাতে সাহাবউদ্দিন অঞ্জান হয়ে কলেজের ভিতরে চলাচলের রাস্তায় পড়েছিল। সকাল সাড়ে ছয়টায় আমরা হাটতে বেরুলো তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চোরের আঘাতে সাহাবউদ্দিনের মাথায় একটি আঁচিল ফেটে রক্তপাত হয়।
এই ঘটনায় সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সার্কেলের এডিশনাল এসপি শম্পা রাণী সাহা ও সন্দ্বীপ থানার পুলিশের ওসি শেখ শরিফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শম্পা রাণী সাহা বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য গত ১৩ জুলাই রাত দুইটায় কলেজের তালা ভেঙ্গে আরেকদফা চুরির চেষ্টা করেছিল চোরের দল।








