সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে বৃদ্ধ চাচাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে বৃদ্ধের ভাতিজা ও তার সন্ত্রাসী বাহিনী। আহত বৃদ্ধের নাম মো. সফিকুল আলম (৮০)।
সোমবার রাত আনুমানিক একটায় বাউরিয়া ৫ নং ওয়ার্ডের আমানির বাড়িতে এই ঘটনা ঘটে। সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার ভাতিজা মাহফুজ এই হামলা করেছে বলে জানিয়েছেন বৃদ্ধের পরিবার।
গত ১২ ই জুন মাহফুজ ও তার বাহিনী সফিকুল আলম ও তার ছেলে পান্নাকে কুপিয়ে জখম করে। এরপর থানায় মাফুজের বিরুদ্ধে মামলা দায়ের হলে সে পলাতক ছিল। সোমবার রাত একটায় মাহফুজ সহ আরো ১০/১২ অস্ত্রধারী সন্ত্রাসী সফিকুল আলমের ঘরের দরজার ভেঙ্গে পান্নাকে খুঁজতে থাকে। এসময় সফিকুল আলম বারান্দায় শোয়া ছিল। পান্নাকে খুঁজে না পেয়ে মাফুজ সফিকুল আলমের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে হাতের কব্জি, পায়ের হাটু সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম করে। সফিকুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে মাহফুজ ও তার সহযোগীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। হামলার খবর শুনে সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, সফিকুল আলম ও মাফুজের পারিবারের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
সন্দ্বীপ থানার পুলিশের ওসি (তদন্ত) মো. সোলাইমান জানান, সম্পত্তির বিরোধ নিয়ে চাচার উপর ভাতিজা মাফুজের হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহত সফিকুল আলমের পরিবারের সাথে যোগাযোগ রয়েছে।








