সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন হাটবাজারের ৮ ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন এর নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে সোমবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই আদালত পরিচালনা করা হয়।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পরেও দোকান খোলা রাখায় উপজেলা কমপ্লেক্স এলাকায় এক দোকানে ৩ হাজার,সেনের হাটে দুই কাপড় ব্যাবসায়ী ও ইলেকট্রনিকস ব্যাবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার, ধোপার হাটের দুই ফল ব্যাবসায়ীকে ৪ হাজার,প্লাস্টিক ব্যাবসায়ীকে ৩ হাজার, হাইওয়ে মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার এবং বাঘাইর দোকানের এক রড সিমেন্টের দোকানে ৫ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করতে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ৮ দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই অভিযান অব্যাহত থাকবে।








