Site icon CPLUSBD.COM

সন্দ্বীপে যুবককে পিটিয়ে হত্যা

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপে জমির উপর ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার সময় বাধা দেওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে । নিহত যুবকের নাম মো.শিহাব উদ্দিন মিশু (২২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো.শাহাবুদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মিশুর মৃত্যু হয়।

শিহাবের পরিবারের সদস্যরা জানায়, স্থানীয় মোস্তফা ও তার ছেলে শামীম শিহাবদের ফসলি জমির উপর দিয়ে নিয়মিত মাটি বোঝাই গাড়ি চালিয়ে ফসল নষ্ট করতো। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিহাবদের পরিবারের পক্ষ থেকে কয়েকবার নিষেধ করলেও স্থানীয় সন্ত্রাসীরা তা মানতোনা। উল্টো শিহাবদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিত।

বৃহস্পতিবার বিকেলে শিহাবদের জমির উপর দিয়ে মোস্তফা ও তার ছেলে শামীম ট্রাক্টর নেওয়ার সময় শিহাব ও তার পিতা শাহাবুদ্দিন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা ও শামীম তার লোকজন নিয়ে বেড়িবাঁধ এলাকায় শিহাবদের দোকানে এসে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। শিহাব জ্ঞান হারিয়ে অচেতন হয়ে গেলে শামীম ও তার লোকজন তাকে ফেলে রেখে যায়।

পরে লোকজন জড়ো হয়ে শিহাবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠায়।

অভিযোগ রয়েছে মোস্তফা ও শামীম ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক ও ট্রলি ভরে নিয়মিত বিক্রি করে। তারা মাটি বোঝায় গাড়ি মানুষের ফসলি জমির উপর দিয়ে নিয়মিত আনা নেওয়া করে মানুষের ফসলের ক্ষতি করে। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের কেউ বাধা দিতেন না।

নিহত শিহাব উদ্দিন মিশু পেশায় একজন ট্রাক চালক। তার ৮ মাস বয়সের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলেকে হারিয়ে তার পরিবারের শোকের মাতম চলছে। তার মৃত্যুর বিচার দাবি করে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন সন্দ্বীপ ট্রাক চালক সমিতির সদস্যরা।

এসময় তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালানি বিক্ষোভ প্রদর্শন করে। শিহাব উদ্দিন মিশুর মৃত্যুর ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সন্দ্বীপ থানা পুলিশের ওসি বশির আহাম্মদ খান জানান, এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১২ জনকে আসামি করে সন্দ্বীপ থানায় একটি মামলা হয়েছে এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।