সাম্প্রতিক সময়ের আলোচিত করোনা ভাইরাসের আক্রমণ হতে রক্ষা পেতে সন্দ্বীপ থানার সব ধরনের সভা সমাবেশে বন্ধ রাখার জন্য সন্দ্বীপ থানা পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত একটায় সন্দ্বীপ থানার ফেসবুক আইডি থেকে “বিশেষ ঘোষণা ” শিরোনামের একটি পোস্টের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওয়াজ ও কীর্তনসহ সব ধরনের সভা সমাবেশ বন্ধ করা হয়। তবে পোষ্টটিতে আদেশক্রমে অফিসার ইনচার্জ সন্দ্বীপ থানা লেখা থাকলেও এতে ওসির স্বাক্ষর বা মোবাইল নাম্বার ছিলনা।
নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরিফুল আলম জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণ যেভাবে দেখা দিয়েছে তাতে সবাই উদ্বিগ্ন। সভা সমাবেশ সহ ওয়াজ ও কীর্তনে বিভিন্ন এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে তাই করোনা ভাইরাসের আক্রমণ হতে রক্ষা পেতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১১ তারিখ থেকে সন্দ্বীপ থানায় সব ধরনের সভা সমাবেশের বন্ধ ঘোষণা করেছি। বিষয়টি অনেকের অজানা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারো পোস্ট করা হয়েছে।








