নিউজটি শেয়ার করুন

সব ধরনের রেনিটিডিন ওষুধ উৎপাদন ও বিক্রি স্থগিত

দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটিজ লিমিটেড ও মেসার্স এস এম এস লাইফ সাইন্স থেকে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্যের নমুনা অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সামরিক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।