চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সমাজের বিশৃঙ্খলা দূর করা সম্ভব। সমাজের গুটিকয়েক বিপথগামী মানুষের জন্যই সমাজ আজ দ্বিধা বিভক্ত। সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। এজন্য সমন্বিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। ধর্ম এসেছে মানুষকে ভালোবাসার জন্য। প্রত্যেক ধর্মেই মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে বলা হয়েছে। ধর্মের আশ্রয়ে আমরা শান্তি খুঁজে পাই।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মধ্যম মোহরাস্থ গৌরাঙ্গ নিকেতনে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ স্মরণে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ও গৌর নিতাই বিগ্রহের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে ধর্মসম্মেলন, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমেদ।
আশীর্বাদক ছিলেন বাংলাদেশ ইস্কনের সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইস্কনের শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, মুক্তিযোদ্ধা মো. মালেক খান, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. জসিম, যুগ্ম আহবায়ক খালেদ খান মাসুক, ডা. বিপ্লব দেওয়ানজী, বাণী মিলন সংঘের উপদেষ্টা অধ্যক্ষ দিলীপ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. সানু বিশ্বাস (চন্দন)।
স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক অমিত চৌধুরী।
নিউটন মজুমদারের সঞ্চালনায় ধর্মীয় আলোচক ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী লক্ষ্মীনারায়ণ কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ শুভ নিতাই দাস ব্রহ্মচারী, শ্রীপাদ রূপানুগ গৌর দাস ব্রহ্মচারী, শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, শ্রীপাদ সর্বমঙ্গল গৌরহরি দাস ব্রহ্মচারী।
অনুষ্ঠানে সাংসদ মোছলেম উদ্দীন আহমেদকে সংবর্ধনা করা হয়। শেষে সঙ্গীত পরিবেশন করেন ভারত ও বাংলাদেশের জাতীয় শিল্পীবৃন্দ।








