সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সারা দেশে সাড়ে চার কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।
৬৪টি জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, ১১ মে পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমেধ্য বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন।
“এতে উপকারভোগী এক কোটি পরিবারের সাড়ে চার কোটিরও বেশি মানুষ।”
মন্ত্রণালয় বলছে, ত্রাণ হিসেবে নগদ ৬৪ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে ৫৯ লাখ ৯৬ হাজার ১১৫টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ৩ কোটি ১০ লাখ মানুষ।
এছাড়া শিশুদের খাদ্য কিনতে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ১৩ কোটি ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে, আগামী ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা আছে। লকডাউনের মেয়াদ নতুন করে বাড়াচ্ছে সরকার।
এই সময় গণপরিবহনও বন্ধ থাকা রাখা হয়েছে এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন।
এই কর্মহীনদের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা এবং চাল বরাদ্দ দিচ্ছে।

