নিউজটি শেয়ার করুন

সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৯ হাজার টাকা জরিমানা

সিপ্লাস ডেস্ক: করোনা সংক্রমণ ছড়ানো নিয়ন্ত্রণে লকডাউনের নির্দেশনা প্রতিপালনের বিষয় তদারক, মাস্ক পরা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (৯ এপ্রিল)  জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়টি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি আদেশের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ হাজার ৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ১০টি মামলা দায়ের করে ১২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সময় ৮টি মামলা দায়ের করে  ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং এলাকায়  মোবাইল কোর্ট চালিয়ে ৭টি মামলা দায়ের করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ ও খুলশী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলার বিপরীতে ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস চকবাজার ও বাকলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময়  ২টি মামলা দায়ের করে ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক  চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলা দায়ের করে ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।