Site icon CPLUSBD.COM

সরকারের দ্রুত পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি ঐক্যফ্রন্টের

best news in chittagong

কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে শনিবার তার দল গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “গত কয়েক দিনে পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে তা ভয়াবহ ও ভয়ঙ্কর। কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের অনিয়ম-অপকর্ম সম্ভব।

“এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”

এই পরিস্থিতিতে ‘ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক-গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে’ দ্রুত বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছে তারা।

জোট শরিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিও জানিয়েছে ঐক্যফ্রন্ট।

তারা বলছে, বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক ‘সংকট’ নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপ করে পথ নির্ধারণ এখন সময়ের দাবি।

সরকারের ‘গুম, খুন, রাতের আঁধারে ভোট ডাকাতি ও দুর্নীতি’ তদন্তেও গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠনেরও দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।