নিউজটি শেয়ার করুন

সরানো হচ্ছে সেই দেয়াল: স্বাভাবিক হয়ে উঠছে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের সেই দেয়াল সরানো হচ্ছে। এরপর হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল শুরু হবে।

রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের উপর দেওয়া হেফাজতপন্থী মাদ্রাসা ছাত্রদের সেই ইটের দেয়াল সরানোর কাজ শুরু হয়।

এ প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন সিপ্লাসকে জানান, মহাসড়কে দেওয়া সেই দেয়ালটি সরানোর কাজ চলছে। রাতের মধ্যে সড়ক স্বাভাবিক করে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। কাজ তদারকী করার জন্য আমি স্পটে যাচ্ছি।

প্রসঙ্গত, দেয়াল তুলে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে হেফাজতপন্থী মাদ্রাসা ছাত্ররা। সড়কের ওপর বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় মাদ্রাসাছাত্ররা সড়কটি অবরোধ করে রাখে।

এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হাটহাজারী, রামগড়সহ এই পথ দিয়ে চলাচল করা মানুষকে চরম বিপাকে পড়তে হয়েছে। বিকল্প পথ দিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। শুক্রবার আড়াইটা থেকে চলাচলের গুরুত্বপূর্ণ এ পথটি বন্ধ রয়েছে।

এ ছাড়া হাটহাজারী এলাকার প্রধান সড়কের সকল দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার পর গতকাল শুক্রবার থেকে হেফাজতের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম এমপি। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা হলে ও শনিবার সকাল থেকে বিক্ষোভকারী ছাত্ররা রাস্তায় আবার বিক্ষোভ করতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের মাদ্রাসায় ফেরার আহ্বান জানান। সকাল থেকে পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান, শপিং সেন্টার বন্ধ রয়েছে।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত র‍্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি মোতায়েন রয়েছে।