সিপ্লাস ডেস্ক: এবছর সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পিঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পিঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য এবছর রেকর্ড পরিমাণ পিঁয়াজ আমদানি করা হবে। পিঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছি। আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন, বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা। একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পিঁয়াজ আমদানি করবো। আমরা ফুল মনিটর করছি দেখা যাক।








