Site icon CPLUSBD.COM

সর্বাত্মক লক ডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের সড়কে বেড়েছে গাড়ি চলাচল

ছবি: ইউনুস ফয়সল

সিপ্লাস প্রতিবেদক: সর্বাত্মক লক ডাউনের দ্বিতীয় দিনে বন্দরনগরীর রাস্তায় গাড়ি চলাচল প্রথম দিনের তুলনায় কিছুটা বেড়েছে। অলিগলিতেও মানুষের উপস্থিতি বেড়েছে প্রচুর।

বৃহস্পতিবার(১৫এপ্রিল) নগরীর প্রধান সড়কগুলোতে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। চলছে ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল, রিক্সা ও সিএনজি চালিত অটো রিক্সাও।

গার্মেন্টস, ব্যাংক ও অন্যান্য কারখানা খোলা থাকায় বাধ্য হয়ে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী।

কয়েকস্থানে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের তল্লাশী অভিযান চোখে পড়লেও প্রথম দিনের তুলনায় সর্বাত্মক লক ডাউন অনেকটাই শিথিল।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে ব্যস্ত ছিলো নগরীর বহদ্দারহাট থেকে বিমানবন্দর সড়ক, জিইসি থেকে একে খান সড়ক, ২ নাম্বার গেইট থেকে বায়েজিদ সড়ক ।

নগরীর সড়কগুলোতে রিক্সার প্রাধান্যই বেশি লক্ষ্য করা গেছে। এই সাথে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হতে দেখা গেছে অনেককেই।

সড়কে চলাচলরতরা জানান, আজ থেকে গার্মেন্টস শিল্প ও ব্যাংক খোলা থাকার কারণে অনেক বেশি ভিড় বেড়েছে রাস্তাঘাটে।

লকডাউনের প্রথম দিন প্রশাসন কিছুটা কঠোর থাকলেও দ্বিতীয় দিনে অনেকটাই শিথিল প্রশাসন। নিষেধাজ্ঞার বাইরে পথচারী, যানবাহন চলাচল করলেও খুব একটা ধরছে না পুলিশ।

এ বিষয়ে  নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফারুক জানান, প্রতিদিন অভিযান করা ছাড়াও জনসাধারণকে সতর্ক করতে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।