নিউজটি শেয়ার করুন

সলিমপুর ওয়্যারলেসের স্মৃতিরক্ষায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে শিক্ষা উপমন্ত্রীর চিঠি

সিপ্লাসটিভিতে অনুসন্ধানী প্রতিবেদনের পর

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে শিক্ষা উপমন্ত্রীর চিঠি

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধুর সর্বশেষ স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে গ্রহণ করা সীতাকুণ্ডের সলিমপুরের ওয়্যারলেস টাওয়ারের স্মৃতি রক্ষার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি প্রেরণ করেছেন।

দেশের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর তিনি ২৪ জুন এ উদ্যোগ গ্রহণ করেন।

এর আগে সিপ্লাসটিভিতে প্রচারিত সংবাদের জন্য শিক্ষা উপমন্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের সংবাদ চমৎকার অনুসন্ধানী সাংবাদিকতার। শেষ পর্যন্ত ঐতিহাসিক এ স্থাপনা সংরক্ষণ বাস্তবায়ন করতে পারলে ধন্য হবো।’

তিনি আরো বলেন, ‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (বিটিসিএল) মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মহলের সাথে আমি এ ব্যাপারে কথা বলেছি।’

সে ধারাবাহিকতায় সলিমপুর ওয়্যারলেসের স্মৃতিরক্ষায়  শিক্ষা উপমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন।

এতে তিনি উল্লেখ করেন, ‘জাতির পিতার স্বাধীনতার বার্তা প্রেরণের স্মৃতিবিজড়িত ওয়্যারলেস টাওয়ার ও টাওয়ার সংলগ্ন অবকাঠামো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যা সংস্কার, সংরক্ষণ ও আধুনিকায়ন করা জরুরি। পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের স্বার্থে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা প্রয়োজন।’

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বরাবরে অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জঙ্গল ছলিমপুরের এই ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সিপ্লাসটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়।