Site icon CPLUSBD.COM

সলিমপুর ওয়্যারলেসের স্মৃতিরক্ষায় উদ্যোগ নিলেন শিক্ষা উপমন্ত্রী ও চসিক মেয়র

সলিমপুর ওয়্যারলেসের স্মৃতিরক্ষায় উদ্যোগ নিলেন শিক্ষা উপমন্ত্রী ও চসিক মেয়র

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধুর সর্বশেষ স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে গ্রহণ করা সীতাকুণ্ডের সলিমপুরের ওয়্যারলেস টাওয়ারের স্মৃতি রক্ষার উদ্যোগ নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এম. রেজাউল করিম চৌধুরী ।

দেশের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভিতে প্রতিবেদন প্রচারের পর তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেন।

সিপ্লাসটিভিতে প্রচারিত সংবাদের জন্য শিক্ষা উপমন্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের সংবাদ চমৎকার অনুসন্ধানী সাংবাদিকতার। শেষ পর্যন্ত ঐতিহাসিক এ স্থাপনা সংরক্ষণ বাস্তবায়ন করতে পারলে ধন্য হবো।’

তিনি আরো বলেন, ‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (বিটিসিএল) মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মহলের সাথে আমি এ ব্যাপারে কথা বলেছি।’

এদিকে শনিবার (১২ জুন) সরেজমিনে পরিদর্শনের পর তিনি তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, ‘অবহেলিত স্বাধীনতা বার্তা টাওয়ার স্মৃতিরক্ষার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার প্রথম নিজ হাতে লেখিত বার্তাটি প্রেরণ করেন সীতাকুণ্ডে সলিমপুর টিএণ্ডটি’র ওয়্যারলেস টাওয়ারের মাধ্যমে। বিগত ৫০ বছর এই ঐতিহাসিক স্মৃতি রক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়নি। সি প্লাসে প্রতিবেদন প্রচারের পর চসিক মেয়রের নজরে আসে। তিনি মুক্তিযোদ্ধা হিসেবে এই স্থানে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ কমপ্লেক্স প্রতিষ্ঠা করতে পরিদর্শনে যান। অনাদরে অবহেলায় পরে থাকা ঐতিহাসিক স্থানটি দেখলে বিস্মিত হতে হয়।’

এদিকে পরিদর্শনের সময় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক ওয়ারল্যাস টাওয়ারটির সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দেন।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে এটি বড় একটি স্থাপনা। ঐতিহাসিক এই টাওয়ার ও ওয়্যারলেস ভবনটি সম্মানের সাথে সংরক্ষণ করা হবে।

রেজাউল করিম বলেন, সিপ্লাসটিভিতে প্রচারিত না হলে জানতাম না ঐতিহাসিক এই স্থাপনাটি অবহেলিত অবস্থায় রয়েছে।

তিনি ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সিপ্লাসটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শন কালে মেয়রের সাথে ছিলেন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপু।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জঙ্গল ছলিমপুরের এই ওয়ারল্যাস টাওয়ারটি নিয়ে সিপ্লাসটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়।