Site icon CPLUSBD.COM

সস্ত্রীক সিপ্লাস অফিসে এলেন নগর পিতা রেজাউল: বললেন খোলাখুলি কথা

সস্ত্রীক সিপ্লাস অফিসে এলেন নগর পিতা রেজাউল: বললেন খোলাখুলি কথা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ফুটপাত রক্ষায় সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ নেবে। শুধু লোক দেখানো অভিযান নয়। উন্নত শহরগুলোর আদলে নগরীর ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করে নগরবাসীর কাছে ফিরিয়ে দেয়া হবে। গড়ে তোলা হবে নগরবাসীর চলাচলের উপযুক্ত ফুটপাত।

এছাড়া নগরীর উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করলেও নগরীতে কাজকরা অন্যান্য সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে এনে সমন্বিতভাবে কাজ করতে হবে। এজন্য বর্তমানে মেয়রের যে ক্ষমতা রয়েছে তা অপ্রতুল। চট্টগ্রাম নগরীকে উন্নত নগরী হিসাবে গড়ে তুলতে হলে মেয়রের ক্ষমতা বাড়াতে হবে।

সিপ্লাস টিভির টকশোতে অংশ নিয়ে সাধারণ দর্শকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসব কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

বুধবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও তার স্ত্রী সেলিনা আক্তার সিপ্লাস কার্যালয়ে আসেন। তাঁরা দু’জন সিপ্লাসটিভির এডিটর ইন চীফ আলমগীর অপুর সঞ্চালনায় এক টকশো’তে অংশ নিয়ে খোলাখুলি অনেক কথা বলেন। বর্ণনা করেন তার ছয়মাসের অভিজ্ঞতা।

টকশো চলাকালীন তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে ফোন করে নগরীর আগ্রাবাদের বাদামতলী থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক সংস্কারের জন্য অনুরোধ করেন। প্রয়োজনে তিনি রোলার দিয়ে সহযোগীতা করবেন বলেও জানান।

চসিক মেয়র ও তার স্ত্রী এই টকশো’তে অংশ নেন।

এসময় চসিক মেয়র বলেন, তিনি শপথ নেয়ার পর ৬মাস অতিক্রম হয়েছে। এই সময় মূলত পরিকল্পনা করার সময়। ৬ মাসে তেমন কিছু করা যায়নি। তবে কিছু ভাঙাচোরা সড়কের সংস্কার কাজ, সড়কবাতি স্থাপনসহ কিছু কাজ করেছেন।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতায় তারাও ভূক্তভোগী এমনকি তাঁর বাড়িতেও পানি উঠেছিল জানিয়ে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে সেনাবাহিনী কাজ করছে। আশাকরি প্রকল্পের কাজ শেষ হলে সামনের বছর নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

তিনি নগরীর নালা-নর্দমা ও খালগুলো পলিথিন মুক্ত রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

মশার উপদ্রব প্রসঙ্গে মেয়র রেজাউল বলেন, লক্ষ্য করেছি মশার ওষুধে মশা মরার চেয়ে মশা বাড়ছে। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দিয়ে মশার ওষুধ পরীক্ষা করিয়েছি। তারা যে সব সাজেশন দিয়েছেন সে অনুযায়ী মশার ওষুধ সংগ্রহের চেষ্টা করছি।

সিটি গভর্মেন্ট প্রসঙ্গে সিটি মেয়র বলেন, সিটি গভর্মেন্ট না হলেও এ কথা মানতে হবেযে নগরীর উন্নয়নে সমন্বিতভাবে সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নগরীর উন্নয়নে সরকারের অনেক প্রতিষ্ঠান কাজ করছে, আমি যেহেতু নির্বাচিত  জনপ্রতিনিধি তাই নগরীর মানুষ আমার কাছে অনেক কিছু আশা করে। তাই এ বিষয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।

তিনি সিটি গভর্মেন্ট এর দাবী তুলবেন বলেও জানান।

মেয়রের ক্ষমতা নেয়ার পর ফুটপাত দখল মুক্ত করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে বলেন, ফুটপাত দখল মুক্ত করা ও পাহাড় কাটার বিষয়ে তিনি কঠোর বলেও জানান।

চট্টগ্রাম নগরীর ফুটপাতকে নগরবাসীর চলাচলের উপযোগী করে গড়ে তুলবেন বলেও জানান মেয়র রেজাউল।

টকশো’তে চসিক মেয়রের স্ত্রী সেলিনা আক্তার মেয়র রেজাউলকে একজন ভালো মানুষ আখ্যা দিয়ে বলেন, তিনি মেয়রের স্ত্রী হিসাবে গর্বিত। নগরীর মানুষের জন্য তার স্বামী কাজ করুক তিনি তাই চান বলেও জানান।

মেয়রের স্ত্রী বলেন, জলাবদ্ধতায় তিনিও একজন ভূক্তভোগী। এবার তার বাসায় পানি উঠে ভাতের চালও ভিজে গেছে। তবে নগরবাসী যেখানে এই কষ্ট ভোগ করছেন। তিনিও নগরবাসী হিসাবে জলাবদ্ধতার নিরসন চান।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, স্টান্ডবাজী দিয়ে কাজ হবেনা। পরিকল্পনা করে সকল সংস্থার সমন্বয়ে চট্টগ্রামকে উন্নত নগরী হিসাবে গড়ে তুলতে হবে।