রাঙ্গুনিয়া প্রতিনিধি: দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তাকারীদের বিচারের দাবীতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২০ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম কাপ্তাই সড়কের উপজেলা সদরের ইছাখালি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সদস্য মোহাম্মদ ইলিয়াছ’র সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সহসভাপতি পান্থনিবাস বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, পাক্ষিক রূপালি রাঙ্গুনিয়া সম্পাদক এনায়েতুর রহিম, প্রেস ক্লাব সদস্য এম এ কোরেশী শেলু, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সংবাদকর্মী আশিক এলাহি। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষক আবু সায়েম, রুবায়েত রাশেদ, মো. আইয়ুব, মানবাধিকার নেতা নুরুল ইসলাম আজাদ, দ্বীপায়ন সুশীল, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র অ্যাডমিন হাবীবুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ‘দুর্নীতিকে আড়াল করতে একজন কলম সৈনিককে শারিরীক মানসিক নির্যাতন ও হেনস্তা করা দেশের মানুষ মেনে নেয়নি। পুরো দেশ আজ ক্ষুব্ধ। আমরা আশা করি রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার করে নজির সৃষ্টি করবে সরকার।”








