সিপ্লাস প্রতিবেদক: সাংবাদিক গোলাম সরোয়ারের অপহরণ মামলার অধিকতর তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো(পিবিআই)কে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার(১১ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এর আদালত এ নির্দেশ দেন।
কোতায়ালী থানার মামলা নং ১৫(১১)২০ জি আর ৭৯২/২০ (কেতোয়ালী) অপহরণ মামলার পুলিশের চুড়ান্ত রিপোর্ট এর বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) গোলাম সরওয়ারের পক্ষে আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার ( রণি) ও আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার নারাজী প্রদানের পর শুনানী শেষে মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আদালত পিবিআইকে পুনতদন্তের নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সাংবাদিক গোলাম সারোয়ার বলেন, অপহরণে যুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের নাম প্রতিবেদনে আনেনি। বরং এসব প্রভাবশালীদের আড়াল করেছে।সংবাদ পরিবেশন করায় আমাকে অপহরণ করা হয়েছিল বলে আমি মামলার এজাহারে উল্লেখ করেছি। এই প্রভাবশালীরা আমাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়েছে। আমি তাদের বিচার চাই।
তিনি বলেন, পুলিশ সঠিক তদন্ত করলে অপহরণকারীদের গডফাদার সনাক্ত হবেই ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরোয়ার। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত।১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাজারের খালের পাশে পাওয়া যায় সাংবাদিক সারোয়ারকে। তার সম্পাদিত সিটি নিউজ বিডি ডটকম অনলাইন পত্রিকায় একজন মন্ত্রীর ভাইয়ের নামে একটি সংবাদ প্রকাশ করায় তাকে অপহরণ করা হয়েছিল বলে মনে করেন সাংবাদিক সারোয়ার।

