Site icon CPLUSBD.COM

সাইকেল চালাতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সাইকেল চালাতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরে বাইসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শচীন দত্ত (২৩) পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নগরীর সিডিএ এভিনিউ সড়কের টাইগারপাস মোড়ের কিছুটা সামনে থেকে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করেন দুজন পথচারী।

সিএমপির কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ‘রাতে টাইগারপাস মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমাদের থানায় জানান সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, টাইগারপাস মোড়ের কাছে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন শচীন। এসময় তার বাইসাইকেলও একপাশে পড়া ছিল। তিনি মাথায় আঘাত পেয়েছেন। সাইকেল চালানো অবস্থায় কোনো ভারী যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।