সিপ্লাস প্রতিবেদক: সাইকেল ফিরিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনে এক গার্মেন্টস কর্মীকে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে মো. লিটন (২৬) নামে এক যুবককে গ্রেফতারের পাশাপাশি জিম্মি হওয়া ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) লিটনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয় বাকলিয়া থানা পুলিশের পক্ষ থেকে।
গ্রেফতার মো. লিটন কুমিল্লা জেলার লাঙ্গলকোট শাকতলি এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি বাকলিয়া থানাধীন বগারবিল এলাকায় বসবাস করতেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সাইকেল ফিরিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনে কৃষ্ণ সরকার নামে একজনকে জিম্মি করে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে লিটনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কৃষ্ণ সরকারকে উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গার্মেন্টসে চাকরি করার সুবাদে লিটনের সঙ্গে পরিচয় ছিল ভুক্তভোগী কৃষ্ণ সরকারের। কৃষ্ণের চাকরি চলে যাওয়ার পর গ্রামের বাড়িতে যাওয়ার সময় লিটনের কাছে সাইকেলটি রেখে যান। লিটন সাইকেলটি তাকে ফেরত দেওয়ার কথা ছিল। ৭ ডিসেম্বর সাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে কৃষ্ণ সরকারকে ডেকে আনেন লিটন। পরে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন।
গ্রেফতার লিটন চকবাজার থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।








