নিউজটি শেয়ার করুন

সাকিবের শাস্তিটা বেশি হয়ে গেছে: তথ্যমন্ত্রী

জুয়াড়ির প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন করায় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এ বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তার শাস্তিটা বেশি হয়ে গেছে।

বুধবার (৩০ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকটি হয়।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, মানুষ রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য। আর বিএনপি রাজনীতি করছে খালেদা জিয়াকে নিয়ে। তার (খালেদা জিয়া) স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে। দলটি রাজনৈতিক দৈন্য দশায় ভুগছে।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। এটা অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক, তারা ছাড়া পাবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার-প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্ব বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপকমিটির সদস্য কাসেম হুমায়ুন, আব্দুস শুকুর ইমন প্রমুখ।