নিউজটি শেয়ার করুন

সাগরপাড়ে হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

পর্যটন নগরী কক্সবাজারের সাগরপাড়ের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগানে গড়ে উঠছে ‘শেখ রাসেল শিশুপার্ক’।

প্রায় সাড়ে ৬ একর জমিতে দৃষ্টিনন্দন পার্কটি ২০২০ সাল নাগাদ অনেকটা দৃশ্যমান হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজার পৌরসভার সহযোগিতায় শেখ রাসেল শিশুপার্কটি গড়ে তোলা হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ইতোমধ্যে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে শেখ রাসেল শিশুপার্ক বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন কক্সবাজার পৌর মেয়র মজিবুর রহমান এবং কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার। বৈঠকে জেলা প্রশাসনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেল শিশুপার্কের সীমানা প্রাচীর নির্মাণ বাবদ ১০ লাখ টাকা জেলা প্রশাসনকে দেয়ার সিদ্ধান্ত হয়।

এ সময় প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও পর্যটন সেল) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, প্রায় সাড়ে ছয় একর জমিতে পার্কটি গড়ে তোলা হবে।প্রাথমিকভাবে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে সীমানা প্রাচীর নির্মাণ বাবদ অর্থ দিতে সম্মত হয়েছেন পৌরসভা মেয়র মুজিবুর রহমান। আশা করি, নতুন বছরের শুরুতে কক্সবাজারবাসীর বহুল প্রত্যাশিত শিশুপার্কটি আলোর মুখ দেখবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সাইনবোর্ড টাঙিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জমি সংক্রান্ত প্রাথমিক কাজ শেষ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ফলে আশা করা হচ্ছে, দ্রুত বাস্তবায়ন হবে শেখ রাসেল শিশুপার্কটি।

কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার বিশ্বময় পরিচিতি লাভ করেছে। ফলে প্রতিবছরই এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দাবি কক্সবাজারে একটি শিশুপার্ক নির্মিত হোক। বিভিন্ন সময়ে জেলা প্রশাসন থেকে শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হলেও জায়গা চিহ্নিত না হওয়ায় এতদিন সে উদ্যোগ সফল হয়নি। এখন জমি নির্ধারণ হওয়ায় অবশেষে জেলাবাসীর প্রাণের সেই দাবি পূরণ হওয়ার পথে। আর শিশুপার্কটি নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের নামে।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসন ও শেখ রাসেল শিশুপার্ক বাস্তবায়ন নাগরিক কমিটির উদ্যোগে কবিতা চত্বর ও বিয়াম স্কুলের মাঝামাঝি সৈকত সংলগ্ন স্থানে সাড়ে ৬ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে পর্যটন নগরীর প্রথম শিশুপার্ক।

গত ২৫ এপ্রিল শহীদ দৌলত ময়দানের শিশু মেলায় উপস্থিত শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছিলেন, কক্সবাজারে শিশুপার্ক নির্মাণ করা হবে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগে শিশুপার্কটি নির্মাণ হচ্ছে।