সিপ্লাস ডেস্ক: উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত তা বিস্তৃত রয়েছে। এর কারণে চট্টগ্রাম বন্দরসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দুই তিন দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। লঘুচাপটি আগামীকাল ভূপৃষ্ঠে উঠে যাবে। চলমান লঘুচাপের কারণে সমুদ্রবন্দর উত্তাল থাকবে। সেজন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।’
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আবহাওয়ার সিনপটিক অবস্থায় উড়িষ্যা উপকূলের অদুরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।








