সিপ্লাস প্রতিবেদক: রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুই পাড়া থেকে যতীন ত্রিপুরা (৩৩) নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে।
আজ রোববার বিকাল সাড়ে ৪টায় তাকে চট্টগ্রাম আনা হয়।
সংশ্লিষ্টরা জানান, গত ২৯ এপ্রিল জুম চাষের সময় পাহাড় থেকে পড়ে গিয়ে নিচে বাঁশের আঘাতে মারাত্মকভাবে জখম হন যতীন ত্রিপুরা। স্থানটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে চিকিৎসা সুবিধা খুবই অপ্রতুল।
এ অবস্থায় তাকে কাছের জপুই বিওপিতে আনা হলে বিজিবি ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু আঘাতের মাত্রা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া প্রয়োজন মনে করে বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে জানায় বিজিবি।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন তাৎক্ষণিকভাবে ২৪ পদাতিক ডিভিশনকে (চট্টগ্রাম সেনানিবাস) জানিয়ে হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য যতীনকে চট্টগ্রামে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
মানবিক বিবেচনায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান দ্রুত হেলিকপ্টারে করে যতীনকে চট্টগ্রামে স্থানান্তর করার নির্দেশ দেন।
এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

