চন্দনাইশ প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার কালিয়াইশ বিওসির মোড়ে গাছবাড়িয়া সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবলার সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুইঘন্টা ব্যাপী চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দোহাজারী পৌরসভা সদরে দোহাজারী আবাহনী ক্রীড়াচক্র, আওয়ামী-যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দোহাজারী আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুক্কুর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম খাঁন, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. দেলোয়ার হোসেন, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, যুবলীগ নেতা এরশাদুর রহমান সুমন, ইসলামী ফ্রন্ট নেতা কলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই হেলাল মাহমুদ, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান, জসিম উদ্দিন, কামরুল হাসান মিন্টু, আসকর বাবু, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নিহত সাজ্জাদ অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের মেধাবী ছাত্র ছিলো। সে কোন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিলোনা। একজন ভালো ফুটবলার হিসেবে তার স্বপ্ন ছিলো জাতীয় ফুটবলার হওয়ার। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করায় তার সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তার খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এশার নামাজের পর বিওসির মোড় বাদাম তলায় সাবিদুল ইসলাম সাজ্জাদের বন্ধু হৃদয়ের সাথে কিশোর গ্যাংয়ের সদস্য বখাটে রবিউল ইসলামের একটি বিরোধ মীমাংসা করার উদ্দেশ্য ৫/৬ জন মিলিত হয়। এখানে সাজ্জাদ ও রবিউল সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে রবিউল সাজ্জাদের উপর ক্ষীপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মারত্মকভাবে আহত করে। এই সময় সাজ্জাদ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন সাজ্জাদকে উদ্ধার করে প্রথমে দোহাজারী গ্রীণ হাসপাতাল পরে শারীরিক অবস্থার মারত্মক অবনতি দেখে চমেক হাসপাতালে নেওয়ার পথে পটিয়ায় মৃত্যুবরণ করেন। ময়না তদন্তের শেষে সাজ্জাদের নিজ বাড়ী উপজেলার দোহাজারী পৌরসভাস্থ বারুদখানায় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮ টার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাজ্জাদ দোহাজারী পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কপিল উদ্দিনের ছেলে। সাজ্জাদের মৃত্যুতে তার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন সহ দোহাজারীবাসী মর্মাহত ও শোকাহত।








