সিপ্লাস ডেস্ক: সাতকানিয়া কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ মো. আবু বক্কর (২০) নামে ট্রাকের এক হেলপারকে আটক করেছে র্যাব। তিনি কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগাঁও এলাকার দারা মিয়ার ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ মো. আবু বক্কর নামে একজনকে আটক করা হয়েছে। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আটক আবু বক্কর ট্রাকের হেলপার। কক্সবাজার থেকে ট্রাকে করে এসব ইয়াবা আনা হচ্ছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।








