চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি বাড়ি পুড়ে গেছে।এতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাতী পাড়ায় আগুনের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো.শাহরিয়া(১৪), মো.আবদুর রহিম (৩৮) ও মো.এমরান চৌধুরী।এদের মধ্যে শাহরিয়া ও রহিম সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত রশিদা বেগম (৬৫) জানান, মো.আবছার উদ্দিনের বসতঘর হতে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। আগুন মুর্হর্তের মধ্যে সকল টিনসেড সেমিপাকা ও টিনশেড মাটির বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ মন্জুর আলম, মো.এহেছান, মো.আবছার উদ্দিন ও বদিউল আলমের বাড়ি পুড়ে যায়। আগুনে এদের নগদ টাকাসহ সোনার অলঙ্কার ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আহত হন তিনজন।খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.মারুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের বলেন, আগুনে ৪বাড়ির মালিকদের স্বর্ণ, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

