লোহাগাড়া প্রতিনিধি: সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোঃ আব্দুল গনী রকি (২৫) নামে এক কাঠমিস্ত্রী যুবক খুন হয়েছেন। নিহত রকি কক্সবাজার জেলার চকরিয়া হারবাং এলাকার আহমদ শফির ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাতকানিয়া সদর বারদোনা বাহাদির পাড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২৫ জুন) সকালে মারা যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে দুইজনকে আটক করা হয়েছে।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান জানান, আবদুল গনি রকি বারোদোনা দোভাষী পাড়া এলাকায় গুনু মিয়ার ছেলে মনজুর আলমের ফার্নিচারের দোকানে কাজ করতো। ঘটনার দিন রাত দেড়টার দিকে বারোদোনার বসুমিত দিঘীর পশ্চিম পার্শ্বে নির্মিতব্য রেল লাইনের উপর তাকে কে বা কারা ছুরিকাঘাত করে। এসময় বসুমতি দিঘীর পাড় এলাকায় থাকা কয়েকজন লোক তার চিৎকার শুনে সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমরা ঘটনাস্থলে এসে বিষয়টা তদন্ত করছি।








