সিপ্লাস প্রতিবেদক: সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে বালি তোলা নিয়ে সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। আরেকজনের নাম জানা যায়নি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৮ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নুরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে জানিয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।








