নিউজটি শেয়ার করুন

সাতকানিয়া লোহাগাড়ায় এক মাসে ৪৪,৪৭৬ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি: করোনা মহামারীতেও বসে নেই মাদক ব্যবসীয়ারা। তারা নতুন নতুন কৌশলে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।

মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে কক্সবাজার জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত রক্ষীদের ফাকি দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। এরপর বিভিন্ন কৌশলে দেশের নানা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। কখনো গাড়িতে, কখনো নৌ পথে আবার কখনো মানুষের পেটে করে পাচার হচ্ছে মাদক। করোনার ভয়াল থাবাও তাদের এই ব্যবসা থেকে দমাতে পারেনি।

বাংলাদেশ পুলিশ করোনার বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি মাদক উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেল এর আওতাধীন সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ গত মে মাসে ৪৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নিকট হতে উদ্ধার করা হয়েছে ৪৪,৪৭৬ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ। এ সংক্রান্তে মামলা হয়েছে ২৩ টি।

সাতকানিয়া থানায় ৪ মামলায় ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে ৫৭৬ পিস ইয়াবা।

অন্যদিকে লোহাগাড়া থানা পুলিশ ১৯ মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার সহ ৪৩,৯০০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, করোনা মহামারীতে পুলিশ নানামূখী সেবামূলক কাজ করছে। এই সেবামূলক কাজের পাশাপাশি নিয়মিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজও পুরোদমে চলছে। এতে সকল পুলিশ সদস্যদের বেশি বেশি পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রমে সফলতাও মিলছে। গত মে মাসে আমার সার্কেল এর অধীন সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ ৪৪,৪৭৬ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এ সংক্রান্তে ২৩ টি মামলা ও ৪৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এর মধ্যে অধিকাংশ সাফল্য লোহাগাড়া থানা পুলিশের। চলতি মাসে এই সাফল্য অব্যাহত রাখতে লোহাগাড়া থানার পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সেইসাথে সাতকানিয়া থানার পুলিশ সদস্যদের চলতি মাসে সন্তোষজনক সাফল্য অর্জনে আরো তৎপর হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।