সিপ্লাস ডেস্ক: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সাক্ষ্য দিয়েছেন আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী তৎকালীন ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান।
বুধবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহারের সামনে সাক্ষ্য দেন তিনি। তার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলায় মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।
জবানবন্দির পর এই সাক্ষীকে জেরা করেন গাড়িচালক বিল্লালের আইনজীবী কাজী নজিবুল্যাহ হীরু। তিনি প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদেরও আইনজীবী।
এ মামলায় অপর আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খায়রুল ইসলাম লিটন ও মো. জামান।
ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণের সময় আসামি সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী, সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, গাড়িচালক বিল্লাল আদালতে হাজির হন। তারা সবাই জামিনে আছেন।
২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ওই বছরের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।








