সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক সপরিবারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
স্ত্রী শামসুন্নাহার, দুই ছেলে রাকিব বিন শহীদ এবং সাকিব বিন শহীদ, পুত্রবধূ তানজিলা ইরাসহ দুইজন গৃহকর্মী আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন সাবেক এই আইজিপি।
গত ৯ নভেম্বর নমুনা পরীক্ষায় সবার করোনাভাইরাস পজিটিভ আসে বলে জানান তিনি।
শহীদুল হক বলেন, “কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকেই পরিবারের সবাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছি। আমি এবং পরিবারের সকলের অবস্থাই স্থিতিশীল। কেউ গুরুতর অসুস্থ না। আপাতত সবাই ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিচ্ছি।”
পুলিশের সাবেক এই কর্মকর্তা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন।








