নিউজটি শেয়ার করুন

মিতু হত্যা মামলা: সাবেক এসপি বাবুল আক্তারের জামিন নামঞ্জুর 

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে বাবুল আক্তারের আইনজীবী জামিন আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে গত ১০ আগস্ট আদালতে আপিল করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ১০ আগস্ট গ্রেফতার করে।

ওইদিনই চট্টগ্রাম মহানগর হাকিম মো. শফি উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে বাবুল আক্তারকে কারাগারে রাখার আদেশ দেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের বাসার অদূরে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। মোটরসাইকেলে আসা তিন হামলাকারী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নানা জল্পনা-কল্পনার পর বাবুল আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাবুল আক্তার স্ত্রী হত্যা মামলার বাদী হলেও তার শ্বশুরের অভিযোগ, জামাই বাবুল আক্তারই তার মেয়ের হত্যাকাণ্ডে জড়িত।

আলোচিত এই হত্যা মামলা শুরু থেকে চট্টগ্রামের ডিবি পুলিশ মামলাটির তদন্ত করে। তারা প্রায় তিন বছর তদন্ত করেও চার্জশিট দিতে না পারায় ২০২০ সালের জানুয়ারিতে মামলাটির তদন্ত ভার ডিবি থেকে পিবিআইকে দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here