নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা ও প্রবাসীদের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য জনসাধারণকে সচেতন করার লক্ষে চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে বুধবার (২৫ মার্চ) দোহাজারী পৌর এলাকায় ২য় বারের মত জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। এর আগে গত সোমবার (২৩ মার্চ) ১ম বারের মত মাইকিং করা হয়েছিলো।
এ ব্যাপারে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আতঙ্ক নয় সচেতনতাই উত্তম পন্থা। এলক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি। প্রবাসীরা হোম কোয়ারান্টাইনের নিয়ম মানছে কিনা তা নিশ্চিতের লক্ষে টহল জোরদার করেছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য হোটেল রোস্তোরা, চা স্টল ও ফাস্ট ফুডের দোকানগুলোতে যাতে জনসাধারণের জমায়েত না হয় সেজন্য সেগুলো বন্ধ রাখতে নির্দেশনা দিচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রমণ প্রতিরোধ করতে আমরা সফল হবোই।”








