নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। অনেকেই সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করছেন। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য (চাল-ডাল-তেল-লবন ইত্যাদি) কিনতে বা জরুরি প্রয়োজনে অনেককে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় খোলা থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে দোহাজারী পৌরসভার ষ্টেশন রোড, হাজারী টাওয়ার ও হাজারী শপিং সেন্টারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ও ফলের দোকানগুলোর সামনে সাদা রং দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়। দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিন ফিট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরতে পারে। যদিও জরুরি পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্পসংখ্যক দোকান খোলা রয়েছে, সেসব দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আতংক নয়, করোনারভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চাই সচেতনা। সচেতনতা অবলম্বনের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে রং দিয়ে রেখা অঙ্কন

