সিপ্লাস প্রতিবেদক: সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে করোনার গণটিকা কর্মসূচি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেশব্যাপী একযোগে এ কার্যক্রম শুরু হয়।
গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হয়।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে চলছে গণটিকা কর্মসূচি। বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়েও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে চসিকের প্রতি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে টিকাদান শুরু হয়।
চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগে পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যে সব নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধু তাদের একই কেন্দ্রে উপস্থিত হয়ে ২য় ডোজ গ্রহণ করবেন। ক্যাম্পেইনের অধীনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও ৮ সেপ্টেম্বর বুধবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে এবং আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৮ সেপ্টেম্বর বুধবার ভ্যাকসিন দেওয়া হবে। সর্বোপরি ১১ ও ১২ সেপ্টেম্বর শনি ও রোববার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।
তিনি ১ম ডোজ গ্রহণের জন্য কেন্দ্রে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

