মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী প্রতিনিধি: সারা বিশ্ব ব্যর্থ হলেও অবশেষে হাটজারীতে করোনার প্রতিষেধক ঔষধ আবিস্কার করে ফেলেছেন এক ব্যক্তি।প্রচারনার খবর পেয়ে হাটহাজারী উপজেলা নিবার্হী কর্মকর্তা রুহুল আমীন ক্রেতা সেজে ঔষধ চাইলে ১২০ দিনের কোর্স সম্পন্ন ২টি বোতল ১৫০ টাকা দামে পৃথিবীজুড়ে তোলপাড় সৃষ্টি করা করোনাভাইরাস প্রতিরোধের বহুল প্রতীক্ষিত ওষুধ হাতে তুলে দেন প্রতারক মনসুর।
সোমবার (৩০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট ইস্টার্ন শপিং সেন্টারের পাশে জালিয়া পাড়া এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেষজ ঔষধসহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিপ্লাসকে বলেন,অভিযুক্ত মনসুর আলী ফেইসবুকে পোস্ট দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তির জন্য এই ঔষধ বিক্রির কাজ চালিয়ে যাচ্ছে, আমি ক্রেতা সেজে ঔষধ ক্রয় করতে গেলে ঘটনার সত্যতার প্রমান পাই। তিনি প্রতারণার কথা স্বীকার করেন।
পরে অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর জিম্মায় দেওয়া হয়।

করোনা সংক্রান্ত বিষয়ে গুজবে কান না দিয়ে সচেতন থাকার জন্য হাটহাজারী বাসীকে অনুরোধ জানান রুহুল আমিন।








