নিউজটি শেয়ার করুন

সাড়ে ৬ কোটি ডলারের ড্রোন দিয়ে সোলাইমানিকে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।।

সোলাইমানিকে হত্যার আগে বিমানযাত্রার পুরো বিষয়টি একটি ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন ঘাঁটি প্রথম সোলাইমানির সফর পরিকল্পনা জানতে পারে। এরপরই দ্রুত সোলাইমানিকে হত্যার ছক কষে ফেলে মার্কিন গোয়েন্দারা।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমান থেকে নামার পর সোলাইমানির মাথার ওপর চক্কর দিয়েছিল লেজার গাইডেড ড্রোন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল তার প্রতিটি পদক্ষেপ। মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন বিশেষ অভিযান বিশেষজ্ঞ ব্রেট ভেলিচোভিচ জানান, দ্য রিপার নামের এই ড্রোনটির দাম ৬ কোটি ৪০ লাখ ডলার।

জেনারেল এটমিকস নির্মিত এই ড্রোনটির দুটি পাখা মাত্র ২০ মিটার চওড়া। হামলার আগে ১০ মিনিট ধরে সোলাইমানি ও তার সঙ্গীদের ওপর নজর রাখছিল শক্তিশালী সেনসর থাকা ড্রোনটি।

রিপারের শক্তিশালী ক্যামেরার মাধ্যমে সোলাইমানি বিমান থেকে নামার পর কোন গাড়িতে উঠেছেন, গাড়ির কোন পাশে বসেছেন তাও দেখা গেছে। এমনকি তার গায়ের জামার রঙটি কী ছিল তাও স্পষ্ট বোঝা গেছে।