সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মানুষের অনুভূতিকে বিবেচনায় না রেখে সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে যে রাজনৈতিক নেতা গোয়ার্তুমি করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী এডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি সোমবার(১৯ জুলাই) সন্ধ্যায় সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে নাগরিক সমাজ, চট্টগ্রামের আয়োজনে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ কালে এ কথা বলেন।
রবিবার(১৮ জুলাই) সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে একটি নিউজ পোর্টালে প্রচারিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের ভিডিও বক্তব্যের প্রসঙ্গে রানা দাশগুপ্ত সিপ্লাসকে বলেন, রাজনীতি যদি জনগণের জন্য হয়ে থাকে তাহলে চট্টগ্রামের মানুষের অনুভূতি বিবেচনায় নিয়ে আগে থেকে যদি হাসপাতালের প্রতি সেই নেতার সহানুভূতি থেকে থাকে আশা করি সেখান থেকে তিনি সরে আসবেন ।
রানা দাশগুপ্ত আরো বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সোন্দর্যের লীলাভূমি হিসাবে খ্যাত ছিল। ৫০ বছরে সৌন্দর্যের যা কিছু ছিল তার প্রায় সব কিছু ধংস হয়ে গেছে রয়ে গেছে শুধু সিআরবি এলাকার এই পাহাড় এখনো অবশিষ্ট আছে।
আমরা মনেকরি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রকৃতি ও পরিবেশ বান্ধব তিনি চট্টগ্রামের মানুষের অনুভূতি বিবেচনায় রেখে এই হাসপাতাল নির্মাণ প্রকল্পটি বাতিল করবেন।
তিনি বলেন, আমরা চাই হাসপাতাল অন্য জায়গায় হোক। তবে আমরা চট্টগ্রামবাসী এই জায়গায় কোন হাসপাতাল হতে দেবনা।








