সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবীতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন এভিনিউ সি প্লাজায় ‘সচেতন নাগরিক সমাজ’ এবং ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান’ এর উদ্দ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসীরা।
রবিবার(১ আগস্ট) সন্ধ্যায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ‘এভিনিউ সি প্লাজা ‘ব্রুকলিন এর ‘মিনি-চট্টগ্রাম’ নামে পরিচিত চট্টগ্রাম ভবনের সামনে।

এর আগে গত সপ্তাহে জ্যকসন হাইটস্ ডাইভারসিটি প্লাজায় চট্টগ্রামের ফুসফুস খ্যাত ‘সিআরবি’ ধংসের পায়তারা রোধে একটি মানববন্ধন করা হয়।
বৃষ্টির চোখ রাঙানিকে উপেক্ষা করে এই সব কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালিরা।

প্রচলিত বিদ্যমান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেলওয়ের কতিপয় দূর্নীতিপরায়ন কর্মকর্তাদের বিচার দাবী করার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এইচএইচসি এর অন্যতম পরিচালক মীর কাদের রাসেল। সমাবেশ সঞ্চলনা করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুল আনোয়ার।
ব্রুকলীনের এ সমাবেশও ছিলো চোখে পড়ার মতো। এভিনিউ সি প্লাজার চত্বরে বিভিন্ন প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে সবাই সামাজিক দুরত্ব মেনে দাঁড়িয়ে ছিলেন সারিবদ্ধভাবে। সবার কন্ঠে ধ্বনিত হয়েছে একটাই দাবী, সিআরবি’তে কোন স্থাপনা নয়।

দল-মত নির্বিশেষে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে বসবাসরত প্রবাসীরা এক বাক্যে সিআরবি থেকে হাসপাতাল করবার পরিকল্পনা শহরের অন্যত্র সরিয়ে নিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বক্তারা বলেন, চট্টগ্রামের সকল সবুজ অঞ্চল এবং পাহাড় রক্ষা করা হোক। ভূমিদস্যুদের কালো তালিকা তৈরী করে তাদের সামাজিকভাবে পরিত্যাগ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
পাশাপাশি, নিউইয়র্ক সিআরবি রক্ষা আন্দোলনের পরবর্তী কর্মসূচী অচিরেই ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সমাবেশে প্রতিবাদী নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী ফাসির কবির কাব্য।
বক্তব্য রাখেন সৈয়দ এম. রেজা, ডা: মোহাম্মদ সেলিম, কামাল হোসেন মিঠু, রওশন হক,ফরিদা শিরিন খান, আজিজ নঈমী, আবু সাইদ রতন, ইব্রাহীম দীপু, আবুল কাশেম(চট্টল)মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মহিউদ্দীন চৌধুরী খোকন, মোহাম্মদ শফি, অনুপ দাশ, মহিউদ্দীন আলমগীর, মোমেনা বেগম,এইচ বি রীতা,রুবি হোসাইন , আমির হোসেন, ফারজিন রাকিবা সহ আরো অনেকে।
নিউইযর্কের বিভিন্ন এলাকা থেকে আগত সুধী , পরিবেশ বান্ধব দর্শক , বক্তা, সাংবাদিক অভি আজিম ও এইচ বি রীতা, DRUM- NYC (Desis Rising Up & Moving) নেতৃবৃন্দ এবং এইচএইচসি সহকর্মীদের যারা একত্রিত হয়ে ‘সিআরবি’র পরিবেশ রক্ষায় প্রতিবাদকারীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান আয়োজকরা।








