সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিআরবি থেকে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থানান্তর চেয়ে এবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে চিঠি পাঠিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম।
শুক্রবার( ৬ আগস্ট) পাঠানো নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন ও সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল স্বাক্ষরিত চিঠিতে প্রস্তাবিত ইউনাইটেড এন্টারপ্রাইজ এণ্ড কোম্পানী লিমিটেড এর হাসপাতালটি কালচার এণ্ড হেরিটেজ ঘােষিত সি.আর.বি থেকে চট্টগ্রাম রেলওয়ের অন্যত্র স্থানান্তর করার অনুরোধ জানানো হয়।
চিঠিটি সিপ্লাসের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো..
০৬/০৮/২০২১ইং
বরাবর,
জনাব নুরুল ইসলাম সুজন এম.পি
মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেল ভবন, ঢাকা।
বিষয়: প্রস্তাবিত ইউনাইটেড এন্টারপ্রাইজ এণ্ড কোম্পানী লিমিটেড এর হাসপাতালটি কালচার এণ্ড হেরিটেজ ঘােষিত সি.আর.বি থেকে চট্টগ্রাম রেলওয়ের অন্যত্র স্থানান্তর প্রসঙ্গে।
জনাব, মুজিবর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বহুল আলােচিত, চট্টগ্রামের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্যের অভয়ারণ্য চট্টগ্রামবাসীর শ্বাস নেয়ার উন্মুক্ত স্থান তথা ফুসফুস খ্যাত সি.আর.বি এলাকায় ইউনাইটেড এন্টারপ্রাইজ এণ্ড কোম্পানী লিমিটেড এর যে হাসপাতাল ও কলেজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাতে চট্টগ্রামের আপামর জনতা জোড়ালােভাবে দ্বিমত পােষন করছেন।
কারণ, চট্টগ্রাম মহানগরে বর্তমানে সিআরবি ছাড়া আর কোন উন্মুক্ত স্থান নাই বললেই চলে। উক্ত স্থানে দীর্ঘদিন থেকে চট্টগ্রামের সাধারণ মানুষ সকাল বিকাল শারীরিক কসরত, হাঁটাচলাসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভােগ করতে অভ্যস্থ। সি. আর. বি. বিতে প্রতিবছর পহেলা বৈশাখ বাঙ্গালীর জাতীয় উৎসবের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহাবুদ্দিনের বলিখেলা অনুষ্ঠিত হয়, তাছাড়া সি.আর. বিতে প্রতিবছর বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। প্রমা, বােধন আবৃত্তি পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলাে প্রায় প্রতিদিন সি.আর.বিকে অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতিৰ্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।
সি.আর.বিকে চট্টগ্রামবাসী চট্টগ্রামের ফুসফুস হিসেবে আখ্যায়িত করেছে। উক্ত কর্মকান্ডের প্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ২০০৮ সালে ডিটেইলড এরিয়া প্ল্যান চুড়ান্ত পূর্বক ডিসেম্বরে প্রজ্ঞাপন জারী করে। তারই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতির ২০০৯ সালের ২৫ জানুয়ারী অনুমােদন প্রদানে তা গেজেট আকারে প্রকাশিত হয়। ডিটেইলড প্ল্যান জোন-৩ এর ৮ অনুসারে সি. আর. বিকে কালচার এণ্ড হেরিটেজ হিসেবে ঘােষণা করা হয়েছে এবং এই স্থান সংরক্ষণের জন্য ৮টি নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। (কপি সংযুক্ত)।
উল্লেখিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, সি.আর.বিতে কোনভাবেই বাণিজ্যিক ভিত্তিতে কোন স্থাপনা নির্মাণ বা এপার্টমেন্ট নির্মাণ করা যাবে না এবং উক্ত ৮টি নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মর্মে উল্লেখ আছে।
যেহেতু সি.আর.বি হেরিটেজ হিসেবে ঘােষিত, ইহার আকৃতি-প্রকৃতি পরিবর্তন করার ক্ষেত্রে বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ ২৪ ও ১৮ক রক্ষাকবচ।
এছাড়া ২০/১২/২০১৭ তারিখে Invitation for Bid (IFB) নােটিশে যে তফসিল দেয়া হয়েছে, সেখানে সি.আর.বি এর কথা উল্লেখ ছিল না। বরং বলা হয়েছে, প্রস্তাবিত হাসপাতালটি চট্টগ্রামে রেলওয়ের কোন এক স্থানে নির্মাণ করা হবে। পরবর্তীতে ২০২০ এর মার্চে ইউনাইটেড এন্টারপ্রাইজ এণ্ড কোম্পানী লিমিটেড এর সাথে বাংলাদেশ রেলওয়ের মধ্যে সম্পাদিত চুক্তিতে হাসপাতাল নির্মাণের জন্য কালচার এণ্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত সি. আর. বি কে হাসপাতাল নির্মাণের স্থান হিসাবে অন্তর্ভূক্ত করায় চট্টগ্রামবাসী মর্মাহত ও সংক্ষুব্ধ।
উল্লেখ্য, প্রস্তাবিত স্থানটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, বীর মুক্তিযােদ্ধা শহীদ আব্দুর রবসহ ১১ জন বীর মুক্তিযােদ্ধার সমাধি রয়েছে (কপি সংযুক্ত)।
ইতিমধ্যে সর্বস্তরের চট্টগ্রামবাসী প্রস্তাবিত হাসপাতালটি সি. আর. বিতে স্থাপন না করে চট্টগ্রামস্থ রেলওয়ের অন্য কোন স্থানে স্থানান্তরিত করার জন্য আহবান জানিয়েছে। চট্টগ্রামবাসী আরাে মনে করেন, এই সি.আর.বিতে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ায় কালচার এণ্ড হেরিটেজ চিহ্নিত তথ্যটি বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে ব্যর্থ হয়েছেন। বিষয়টিতে চট্টগ্রামবাসী দ্বিমতসহ ক্ষোভ প্রকাশ করেছে।
যদি আপনিসহ অন্যান্য যথাযথ কর্তৃপক্ষকে সি.আর.বি কালচার এণ্ড হেরিটেজ হিসাবে শ্রেণীভূক্ত আছে-তা অবগত করা হত, তাহলে, চট্টগ্রামবাসীর বিশ্বাস সি.আর.বিকে পিপিপি ভূক্ত করে কথিত হাসপাতাল করার জন্য বাংলাদেশ রেলওয়ে কখনাে চুক্তিবদ্ধ হতাে না।
চট্টগ্রামবাসী আরাে বিশ্বাস করে যে, গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশের উন্নয়নের নেত্রী পরিবেশ আন্দোলন ও জলবায়ুর ভারসাম্য রক্ষার আন্দোলনের বিশ্বময় প্রশংসিত নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে চট্টগ্রামের আপামর জনতার আকুল ফরিয়াদ চট্টগ্রামের ফুসফুস খ্যাত সি. আর. বিকে রক্ষা করে প্রস্তাবিত হাসপাতালটি চট্টগ্রামস্থ রেলওয়ের অন্যস্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত প্রদান করে চট্টগ্রামের মানুষের মনে সৃষ্ট শংকা ও উদ্ভুত সংকট নিরসনের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অতএব, আমরা চট্টগ্রামবাসী আপনার বরাবরে বিনীত নিবেদন করছি যে, উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে প্রস্তাবিত হাসপাতালটি সি. আর. বি হতে চট্টগ্রামস্থ রেলওয়ের অন্য কোন জায়গায় স্থানান্তরপূর্বক উদ্ভুত সমস্যা নিরসনে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সংগ্রামী শুভেচ্ছাসহ |
প্রফেসর ড. অনুপম সেন, চেয়ারম্যান
অ্যাডভােকেট ইব্রাহিম হােসেন চৌধুরী (বীর মুক্তিযােদ্ধা) সদস্য সচিব
নাগরিক সমাজ, চট্টগ্রাম।








