চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর জোনের ট্রাফিক বিভাগ একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে উদ্বোধন করা হয়েছে জাতীয় জরুরী হেল্পলাইন ৯৯৯ এর প্রচার কার্যক্রম।
রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর সহযোগিতায় এ কার্যক্রম উদ্বোধন করেন ট্রাফিক বিভাগ বন্দর জোনের উপকমিশনার মো. তারেক আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপি পশ্চিম বিভাগের অতিরিক্ত কমিশনার ছত্রধর ত্রিপুরা, পশ্চিম বিভাগের সহকারি কমিশনার কীর্তিমান চাকমা, বন্দর বিভাগের সহকারি কমিশনার মোশাররফ হোসেন, ট্রাফিক বিভাগ বন্দর জোনের টিআই প্রশাসন মশিউর রহমান, সার্জেন্ট প্রসিকিউশন মিজানুর রহমান ও পাঠাও’র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ ইসফাক চৌধুরীসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সব ধরনের সেবা গ্রহণের জন্য জাতীয় জরুরী হেল্পলাইন ৯৯৯। এই নাম্বারটি সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকল সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে নিরাপদ ও সুন্দর সুন্দর সমাজ গড়ে তোলা এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। এছাড়া ট্রাফিক বিভাগ বন্দর জোন জণকল্যাণে আরো নানা উদ্যোগ অব্যাহত রাখবে।








